বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অটোভ্যানের ধাক্কায় মোছাঃ রহিমা খাতুন (৭) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল ভেড়ামারা বাঁধ সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রহিমা খাতুন উপজেলার নিজ বলাইল দক্ষিণ পাড়ার মৃত শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা খাতুন সড়ক পার হওয়ার সময় একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, স্থানীয় জনতা ঘাতক অটোভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত শিশুটির মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে। রহিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তাকে এক নজর দেখার জন্য স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বড় ভাই মোমিন মিয়া। ইতোমধ্যে ঘাতক অটোভ্যান জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/মার্চ ২৪, ২০২৬)