একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক পৃথক অভিযানে ১৫৩ পিচ ইয়াবা টেবলেট, ২৯ পুরিয়া হেরোইন, ১টি স্টিলের ফোল্ডিং চাকু, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বিক্রির ৬ হাজার টাকাসহ ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকার মৃত আবুল মোল্লার ছেলে আলমগীর মোল্লা (২৩) ও একই এলাকার মৃত কাসেম শেখ এর ছেলে মো: সুমন শেখ (২০), উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে মো: আমিরুল শেখ (৩০) ও একই ইউনিয়নের বাঘমারা পদমদী এলাকার মো: মিরু মন্ডলের ছেলে মো: ইসলাম মন্ডল (২৯),উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া এলাকার নবিয়াল বিশ্বাসের ছেলে মো: রিপন বিশ্বাস (২৮) ও একই ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন এলাকার মৃত আব্দুর রশিদ শেখ এর ছেলে মো: আমির হোসেন শেখ (২৪)।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৪ মার্চ বালিয়াকান্দি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামী আলমগীর মোল্লার নিজের হেফাজতে থাকা ৮৫ পিচ ইয়াবা টেবলেট, ২৯ পুরিয়া হেরোইন, ১ টি স্টিলের ফোল্ডিং চাকু, ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বিক্রির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।পরে আসামী মো: সুমন শেখ এর কাছ থেকে ১৭ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।একই দিন আসামী মো: আমিরুল শেখ এর কাছ থেকে ১৪ পিচ ইয়াবা টেবলেট, আসামী মো: ইসলাম মন্ডল এর কাছ থেকে ৬ পিচ ইয়াবা টেবলেট, আসামী মো: রিপন বিশ্বাস এর কাছ থেকে ১৭ পিচ ইয়াবা টেবলেট ও আসামী মো: আমির হোসেন শেখ এর কাছ থেকে ১৪ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফোল্ডিং চাকু,অ্যান্ড্রয়েড মোবাইল ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। তারা সবাই মাদক কারবারের সাথে জড়িত। এ ঘটনায় ৩ টি মাদক মামলা ও ১ টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ হত্যা মামলাও রয়েছে।

(একে/এসপি/মার্চ ২৫, ২০২৬)