হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে মারধর করে স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায় তাদের প্রতিপক্ষ। স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় রাসেল বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে । গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে এসে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে এখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে এসেছি। এখানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিাবি/এসপি/মার্চ ২৭, ২০২৬)
