বগুড়ার হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
রাজন্য রুহানি, জামালপুর : ফুটবল খেলা নিয়ে শত্রুতায় বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বুড়ইল গ্রামের মিলন হোসেন হত্যার আসামি একই গ্রামের মো. বুলবুলকে জামালপুরের সরিষাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর ওই আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪'র কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৪ (জামালপুর) ও র্যাব-১২ (বগুড়া) এর যৌথ আভিযানে বৃহস্পতিবার ২৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে জামালপুরের সরিষাবাড়ী থানার আরামনগর এলাকা থেকে হত্যা মামলায় অভিযুক্ত মো. বুলবুল (৪০)কে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত মিলন হোসেনের (১৭) সাথে গ্রেপ্তারকৃত আসামিসহ এজাহারনামীয়দের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটর সাইকেল ও সিএনজি যোগে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বুড়ইল গ্রামে এসে মিলন হোসেন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় মিলনের বুকে ছুরিকাঘাত করা হলে মাটিতে লুটিয়ে পড়েন মিলন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মিলনের বাবা মো. দিলবর হোসেন (৪১) বাদী হয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
(আরআর/এসপি/মার্চ ২৭, ২০২৬)
