সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ঈদের ছুটির সময়ে পূর্ব মোসলেমাবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ থেকে চুরি হয়েছে ১০টি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার। বিদ্যালয়টি উপজেলার গুনারীতলা ইউনিয়নে অবস্থিত। তবে বিদ্যালয়ে নিয়োজিত নাইটগার্ড-দপ্তরি থাকার পরেও চুরির ঘটনা সংগঠিত হওয়া রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী।
চুরির ঘটনায় গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম। অভিযোগ পাবার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 'রোজা ও ঈদ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বিদ্যালয় সরকারি নির্দেশনায় ছুটি রয়েছে। আমি ২০ মার্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ পরিদর্শনে যাই। গিয়ে দেখি দ্বিতীয় তলার দুটি কক্ষের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পাই, ওই দুটি কক্ষ থেকে ৫টি করে মোট ১০টি সিলিং ফ্যান এবং বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে এ বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।'
বিদ্যালয়ে ছুটির মধ্যে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই বিদ্যালয়ে নিয়োগকৃত নাইটগার্ড-দপ্তরি রয়েছে। তাদের কাজ বিদ্যালয়ের সবকিছু রক্ষণাবেক্ষণ করা। এর মধ্যেও চুরি হলে তারা দায় এড়াতে পারেন না। এছাড়া ২০ তারিখে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজ পরিদর্শনে গিয়ে যদি চুরির আলামত দেখতে পান তবে তিনি কেন ২৭ তারিখ রাতে থানায় অভিযোগ দিলেন? এরমধ্যেও রহস্য আছে। চুরি যেভাবেই হোক, প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগ পাবার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
(আরআর/এসপি/মার্চ ২৮, ২০২৬)
