বড়াইগ্রামে মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোয়াডি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
আহতদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি কায়েমকোলা গ্রামের সাহাবউদ্দিন প্রামাণিক (৪০), একই গ্রামের তারেক রহমান (৬২), পলাশ হোসেন (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলামকে (৩৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাঁধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(এডিকে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
