রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে পর্যাপ্ত মজুদ থাকতেও গ্রাহকদের তেল না দেয়ায় মেসার্স জুঁই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুঁই এন্টারপ্রাইজে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।

প্রশাসন সূত্র জানায়, তেলের জন্য মেসার্স জুঁই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকেই ভিড় জমান মোটসাইকেল চালকরা। চালকদের জানানো হয় যে, তাদের কাছে কোনো তেল নেই। এ খবর পাবার পর সত্যতা যাচাইয়ের জন্য জুঁই এন্টারপ্রাইজে যান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে তারা প্রায় ২৫০০ লিটার পেট্রোল মজুদ পান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অপরাধে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মজুদকৃত ড্রাম থেকে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু হয়।

(আরআর/এসপি/মার্চ ২৮, ২০২৬)