রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার দুপুরের দিকে মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পাশ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

(আরএম/এসপি/মার্চ ২৮, ২০২৬)