রূপক মুখার্জি, নড়াইল : এবার তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনে নৃশংস এই ঘটনা ঘটে।

নিহত ম্যানেজারের নাম নাহিদ সরদার (৩৫)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। সে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। ট্রাকচাপার ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাম্পে কর্মরত অন্য কর্মচারীরা জানিয়েছে, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে পাম্পে প্রবেশ করেন। তেল দেওয়া নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ম্যানেজারকে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষ করে নাহিদ তার বন্ধু জিহাদকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পাম্পের ভেতরে অবস্থান করা ওই ট্রাকটি সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে রেরিয়ে তাদের পিছু নেয়। কিছু দূর পৌচ্ছালে ট্রাকটি তাদেরকে চাপা দেয়। ট্রাকের চাপায় পাম্প ম্যানেজার নাহিদ ঘটনাস্থলেই মারা যান।

তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৬)