রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১১ বছর বয়সী এক  শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে তার পরিবার। মামলায় অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত মাসুদ।

এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) রাতে মাদারগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে ওই দিন বিকেলে শিশুটির নিজ বাড়ির দাদির ঘরে ধর্ষণের শিকার হয় শিশুটি। অভিযুক্ত মাসুদ একই গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে।

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অসহায় শিশুর ওপর পাশবিক নির্যাতনের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, 'অভিযোগ পাবার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। শিশুটির শারীরিক অবস্থা ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ফরেনসিক মেডিক্যাল এক্সামিনেশনের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, 'লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।ফরেনসিক রিপোর্ট হাতে পেলে বিষয়টি আইনগতভাবে আরও স্পষ্ট হবে।'

তিনি আরও জানান, 'ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে থাকলেও তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

(আরআর/এসপি/মার্চ ২৯, ২০২৬)