রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পোল্ট্রি ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে খামারি সাজাইউ মারমার প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত খামারি সাজাইউ মারমা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ তার ব্যক্তিগত মুরগির খামারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো খামারে ছড়িয়ে পড়ে। ওই সময় আশপাশের লোকজন এবং তিনি নিজে ক্ষেতে কৃষিকাজে ব্যস্ত থাকায় আগুন নেভানোর কোনো সুযোগ পাননি। দুর্গম এলাকা হওয়ায় এবং পাশে মাত্র তিনটি বাড়ি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে খামারে থাকা ২ হাজার মুরগির বাচ্চার সবগুলোই পুড়ে মারা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুই খই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আগুনে খামারি সাজাইউ মারমার ব্যাপক ক্ষতি হয়েছে। তার ফার্মের সব মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।"

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে বলেন, সাজাইউ মারমা একজন সফল খামারি হিসেবে পরিচিত ছিলেন। এই অগ্নিকাণ্ডে তার প্রায় ২ হাজার মুরগির বাচ্চা মারা যাওয়ায় তিনি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বর্তমানে সহায়-সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত খামারি সাজাইউ মারমা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি বা বেসরকারি সহযোগিতা না পেলে তার পক্ষে পুনরায় খামারটি চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে স্থানীয়রা মনে করছেন।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৬)