রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক মো. সুজ্জাত আলীকে (৫০) আটক করেছে র‍্যাব। এর আগে রবিবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রাকটি যশোরের বেনাপোল থেকে জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজ রবিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

রাতে চালক সুজ্জাত আলী নড়াইল সদরের ‘তানভীর ফিলিং স্টেশনে’ ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয় এবং চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

পরে ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং জিহাদ মোল্যা গুরুতর আহত হন। ঘটনার পর থেকে অভিযুক্ত চালক সুজ্জাত আলী পলাতক ছিলেন। সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের সদস্যরা অভয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৬)