আবু নাসের হুসাইন, সালথা : সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের  সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেত্রী আসমা শহীদ।

জানা যায়, নগরকান্দা-সালথা তথা ফরিদপুরের মাটি ও মানুষের ভেতর থেকে উঠে আসা আসমা শহীদ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তুখোড় ছাত্রনেত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং কলেজ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতির সঙ্গেও যুক্ত হন।

এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম. শহীদুল্লাহ শহীদ-এর সহধর্মিণী। দলীয় রাজনীতিতে তাদের যৌথ অবদানও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেত্রীর রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইতোমধ্যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যা ফরিদপুরবাসীর জন্য গর্বের বিষয়। একইভাবে আসমা শহীদ মনোনয়ন পেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ অঞ্চলে আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, আসমা শহীদের রাজনৈতিক দূরদর্শিতা, আচরণ ও নেতৃত্বগুণ তাকে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি সক্ষম বলেও তাদের অভিমত।

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তার সমর্থকরা

(এএন/এসপি/মার্চ ২৯, ২০২৬)