যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দেওয়ানগঞ্জে অতিরিক্ত যৌতুকের জন্য শারীরিক নির্যাতনে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। আদায়ের পর নিহতের বাবা ও মা পাবেন এই অর্থদণ্ডের টাকা।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার বেলুয়ারচর গ্রামের মো. আমজলের ছেলে আমিনুল ইসলাম।
আজ সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের কৌসুলি এডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারকে বিয়ে করেন দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম। তিনি বিয়ের সময় যৌতুক নিলেও আরও ২০ হাজার টাকা অতিরিক্ত যৌতুকের দাবিতে স্ত্রীকে বিভিন্ন সময়ে চাপ দেন। এতে পারিবারিক কলহ সৃষ্টি হয়। দাবিকৃত যৌতুক না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে বেদম শারীরিক নির্যাতন করেন আমিনুল। গুরুতর আহত স্ত্রীকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে ১ লক্ষ টাকা অর্থদণ্ডও করা হয়। অর্থদণ্ডের টাকা নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশও দেয়া হয়।
(আরআর/এসপি/মার্চ ৩০, ২০২৬)
