চিত্রা নদীতে ডুবে নিখোঁজের দু’দিন পর আরিয়ার মরদেহ উদ্ধার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর আরিয়া'র (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকালের দিকে উপজেলার চিত্রা নদীর মহিষখোলা ঘাট এলাকা থেকে নিখোঁজ শিশু আরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) দুপুরের রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু বাড়ির অদূরে চিত্রা নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই দিন বিকাল ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর খেয়াঘাট এলাকায় চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন। রাফিয়া মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে।
এদিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ অপর শিশু আরিয়ার খোঁজে রবিবার খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও তার কোন সন্ধ্যার না পেয়ে অভিযান শেষ করে। দুদিন পর কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর কূল থেকে আরিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
পানিতে ডুবে মৃত্যুর শিকার রাফিয়া ও আরিয়া দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরএম/এসপি/মার্চ ৩০, ২০২৬)
