জর্ডান যেতে আগ্রহীদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান দূতাবাসের
স্টাফ রিপোর্টার : কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়সহ প্রতারণার বেশ কিছু অভিযোগ পেয়েছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। এই প্রেক্ষাপটে জর্ডানে কোনো কোম্পানির ভিসায় যেতে আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) আম্মানের বাংলাদেশ দূতাবাস এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের স্বার্থ সংরক্ষণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি হতে রক্ষায় বেশ কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে।
ভুয়া নিয়োগপত্র ও জাল কাগজপত্র বিষয়ে সতর্কতা: দূতাবাস সাম্প্রতিককালে অনেকের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে, একাধিক চক্র জর্ডানের কয়েকটি স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠান/কোম্পানির নাম, লেটারহেড, সরকারি সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র/ভিসা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করে এগুলো দেখিয়ে জর্ডান আগমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করছে।
শূন্য অভিবাসন ব্যয়: জর্ডানে কর্মী নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও সরকারি বিধিবিধান অনুযায়ী ভিসা, ওয়ার্ক পারমিট, বিমান টিকিটসহ আনুষঙ্গিক খরচ সংশ্লিষ্ট জর্ডানীয় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক বহন করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি, দালাল বা রিক্রুটমেন্ট এজেন্ট যদি ওয়ার্ক ভিসা বা নিয়োগপত্র প্রদানের বিনিময়ে কোনো অর্থ দাবি করেন, তা নিঃসন্দেহে প্রতারণামূলক কার্যক্রম। এরূপ ক্ষেত্রে কোনো অর্থ প্রদান থেকে বিরত থাকুন।
বেতন ও কর্মশর্ত বিষয়ে সতর্কতা: জর্ডানে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ভিসা, ওয়ার্ক পারমিট, বিমান টিকিটসহ আনুষঙ্গিক খরচ বহন করে থাকে বিধায় বেতন ও অন্যান্য সুবিধা সে অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে।
অস্বাভাবিক বা অবিশ্বাস্যরকম উচ্চ বেতনের আশ্বাস দিয়ে যদি কোনো পক্ষ অর্থ দাবি করে, তা প্রাথমিকভাবেই প্রতারণামূলক হিসেবে বিবেচনা করবেন।
ফ্রি ভিসার প্রলোভন: প্রলোভনে পড়ে তথাকথিত ফ্রি ভিসায় জর্ডানে এলে বৈধ কর্মসংস্থান পাওয়া অত্যন্ত কঠিন। জর্ডানে হাতেগোনা কয়েকটি নির্দিষ্ট পেশায় বিদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওয়ার্ক পারমিট করা না হলে এ দেশে আসার মাত্র ১৫ দিন পরেই সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন এবং দেশে ফেরত পাঠানোসহ গ্রেপ্তার ও শাস্তির সম্মুখীন হতে পারেন।
নিয়োগপত্র/ভিসা যাচাইকরণ: কোনো নিয়োগপত্র, ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে সন্দেহ হলে এবং যাচাইয়ের প্রয়োজন মনে করলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। যাচাইয়ের জন্য নিয়োগপত্র, ভিসা বা ওয়ার্ক পারমিটের কপি বা ছবি তুলে এবং কোথা থেকে পেয়েছেন তার বিস্তারিত উল্লেখ করে ইমেইল করুন:
[email protected]
প্রতারণার শিকার হলে করণীয়: প্রতারণার শিকার হলে অতিসত্বর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন।
(ওএস/এএস/মার্চ ৩১, ২০২৬)
