তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধান ক্ষেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে  ইন্দ্রজিত মণ্ডল (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে  গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক ইন্দ্রজিত মণ্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষীতিশ মণ্ডলের ছেলে।

ওসি মো. অনিসুর রহমান জানান, সোমবার দুপুরে দিকে আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য পাম্প চালাতে যান ইন্দ্রজিত মণ্ডল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । পরে বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। রাতে ওই পাম্প ঘরে ইন্দ্রজিতের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আইনী প্রক্রিয়া শেষে কৃষকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ৩১, ২০২৬)