তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল নতুন মাদক উইনসেরেক্স সহ (WINCEREX) মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।

এসময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ০১, ২০২৬)