মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : খোলা বাজারে মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে। এই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিল্লুর রহমান। অভিযানে দাউদপুর এলাকার খোলা বাজারে মুদির দোকানে অতিরিক্ত দামে প্রেট্রোল বিক্রির সময় দোকানী দিলসাদ আলী (৫৭) কে হাতেনাতে ধরা হয়।
অভিযানকালে দেখা যায়, খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম ৩৫০ টাকা লিটন দরে পেট্রোল বিক্রি করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত দামে কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুরে পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিক্রেতাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় লিটার প্রতি ৩৫০ টাকায় পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(এসএস/এসপি/এপ্রিল ০১, ২০২৬)
