রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইজারা নিয়ে মন্দিরের মাঠ চাষ করায় শিবপুজা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের শফিকুল ইসলাম সার্বজনীন শিব মন্দিরের মাঠ চাষ করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পিরোজপুর সার্বজনীন শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তারক চন্দ্র সানা জানান, তাদের গ্রামের হরিদাস চক্রবর্তী একমাত্র বাকও বুদ্ধি প্রতিবন্ধি ছেলে আনন্দকে রেখে ১২ বছর আগে মারা যান। আনন্দ প্রতিবন্ধি হওয়ায় তার বাবার ৮৫ শতক জমি স্থানীয় চিত্তরঞ্জন মণ্ডলসহ কয়েকজন প্রভাবশালী দখল করে নেয়। আনন্দ চক্রবর্তীর মেসোমশাই দুর্গাপুর গ্রামের অবনী চক্রবর্তী ওই জমি উদ্ধারের জন্য তাদের (তারক) শরনাপন্ন হলে দেড় বিঘা বিলান জমির বিনিময়ে ওই জমি লিখে দেওয়ার প্রস্তাব দেন। তিনি রাজী হওয়ায় চিত্ত মণ্ডলসহ কয়েকজনের জবরদখল মুক্ত করে ২০২২ সালে ও জমিতে শিবমন্দির তৈরি করে পুজা শুরু করা হয়।

অবনী চক্রবর্তী দেড় বিঘা জমি ১৫ হাজার টাকা করে লিজ নিতেন খাজরা বাজারের চাউল ব্যবসায়ি আব্দুল মালেকের কাছ থেকে। আনন্দ এর নামে ওই জমি নামপত্তান করার পর দেড় বিঘা জমি তাকে লিখে দিয়ে আনন্দ এর ৮৫ শতক জমি তারা লিখে নেওয়ার কথা ছিল। পিরোজপুর গ্রামসহ চারটি গ্রামের হিন্দুদের দুর্গা পুজা দেখতে দূরবর্তী খাজরা বাজারে যেতে কষ্ট হওয়ায় ২০২৫ সালে দুর্গা পুজা ও করা হয়। পুজার আগে অবনী চক্রবর্তীর সাথে কথা বলে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে মন্দিরের সামনে পুকুর ঘাট ও রাস্তা তৈরি করা হয়।

তারক সানা আরো জানান, শুক্রবার সকালে তাদের গ্রামের শফিকুল ইসলাম মন্দির ও মন্দির সংলগ্ন ৮৫ শতক জমি অবনী চক্রবতীর কাছ থেকে ১৫ হাজার টাকায় একসনা ইজারা নিয়েছেন দাবি করে মন্দিরের মাঠ লাঙ্গল দিয়ে চাষ করেন। এতে শেষ চৈত্রে অনুষ্ঠিত শিব পুজা বন্ধ হয়ে যাবে। বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে অবনী চক্রবর্তী জানান, আনন্দ এর ৮৫ শতক জমির পরিবর্তে তাকে ১০ কাঠা ডাঙা জমি লিখে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তারক সানাকে। কথার সাথে মিল না হওয়ায় তিনি ওই জমি চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শফিকুলের কাছে ১৫ হাজার টাকায় এক বছরের জন্য লীজ দিয়েছেন। তবে মন্দিরের পুকুর ও রাস্তা সংস্কার করা ববাদ খরচ হওয়া জনগনের ৭০ হাজার টাকার ব্যাপারে তিনি কি করবেন তার কোন জবাব দেননি অবনী চক্রবর্তী।

(আরকে/এএস/এপ্রিল ০৪, ২০২৬)