শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ইমোশন বা আবেগ দিয়ে, রাষ্ট্র পরিচালনা হয় না। বিএনপি দেশের মানুষের জন্য যা প্রতিশ্রুতি দেয়, সেটিই বাস্তবায়ন করে। দলটির নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

আজ শনিবার দুপুরে দিনাজপুরের শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজকল্যাণ কার্যালয় আয়োজিত জেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমগুলোর মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যা বলে তাই করে,এটিই দলের ঐতিহ্য ও দীর্ঘদিনের ইতিহাস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি যে জাতীয় সনদে সাক্ষর করেছে তা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। বিএনপি এ দলিলের যথাযথ সম্মান করে এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে। বিএনপি দেশের মানুষের জন্য যা প্রতিশ্রুতি দেয়, সেটিই বাস্তবায়ন করে। দলটির নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগে বিএনপি যে রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে, জনগণ তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে। যার ফলে বিএনপি আজ দেশ পরিচালনার দায়িত্বে এসেছে। যে জনগণ ভোট দিয়ে দলকে ক্ষমতায় এনেছে, তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হবে না। যারা বর্তমানে সমালোচনা করছেন, তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ সচেতন বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী স্বাধীনতার পরাজিত শক্তি থেকে সতর্ক থাকতে বলেন। বলেন, 'এরা স্বার্থের জন্য সবই করতে পারে।'

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। এছাড়া অনুষ্ঠানে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং পুলিশ সুপার জেদান আল মুসা, চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিকসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

জেলার মোট ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের প্রতিনিধিদের হাতে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক তুলে দেওয়া হয়।

(এসএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)