রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মেডিকেল কলেজের ভবন নির্মাণ ও দ্রুত চিকিৎসাসেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৈনক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহমুদুল হাসান মহন প্রমুখ।

বক্তারা জানান, 'জেলাবাসী ছাড়াও আশেপাশের সীমান্ত জেলার প্রায় অর্ধ কোটি মানুষ জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। রোগীদের চাপ ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতে ২০১৪ সালে জামালপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর মেডিকেল কলেজের ভবন নির্মাণ হলেও তা পরিপূরণতা পায়নি। একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের হোস্টেল এবং কিছু আবাসিক ভবনের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হলেও ৫০০ শয্যার মূল হাসপাতাল ভবনের কাজ এখনও শুরুই হয়নি। এতদিনেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হবার পেছনে একটি দালালচক্রের যোগসাজশ রয়েছে। হাসপাতালটি চালু হলে অনেকেরই ব্যবসা নষ্ট হবে। তাদের অপতৎপরতায় এখনো হাসপাতালটি আলোর মুখ দেখছে না। ভবন নির্মাণ শেষ করে মেডিকেল কলেজটি চালু করা হলে স্বাস্থ্যসেবা পাবে প্রায় অর্ধকোটি মানুষ। তাই জনগণের ভোটে নির্বাচিত সরকার জনমানুষের প্রাণের দাবি গুরুত্ব সহকারে নিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি।'

একই সঙ্গে বক্তারা আরও জানান, 'জামালপুর জেনারেল হাসপাতালও নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালের মূল ভবন অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ এ ভবনেই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এ হাসপাতলে ২০১৫ সালে দুই শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উদ্বোধন করা হয়েছিল। পরিতাপের বিষয়, জনবল ও প্রশিক্ষিত নার্স না থাকায় এটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। অবিলম্বে আইসিইউটিও চালুর দাবি জানানো হয়।'

এ সময় মানববন্ধন থেকে হাসপাতাল দুটির সমস্যা নিরসনে তিন মাসের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)