বন্ধ থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শুরুর আশ্বাস দিলেন শামা ওবায়েদ
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফরে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (এমপি)।
আজ শনিবার সকালে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিটিসি এবং ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি দেশের নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়ে না।
তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি, পর্যাপ্ত জায়গা ও জনবল—সব ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং চিকিৎসকদেরও কাজ করতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
দুই বছর ধরে বন্ধ থাকা নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত পুনরায় চালু করার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এই কাজ দ্রুত শুরু করতে পারলে রোগীদের সেবার মান অনেক উন্নত হবে।” তিনি ইঙ্গিত দেন, বরাদ্দ থাকলেও তা সঠিকভাবে কাজে লাগেনি এবং অনিয়ম বা দুর্নীতির সম্ভাবনাও রয়েছে।
দেশব্যাপী স্বাস্থ্যসেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও কার্যকর করে তুলতে সরকার কাজ করছে।
এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে কিছু সমন্বয় হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের পররাষ্ট্র নীতির প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি।”
সফরে ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(পিবি/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)
