কাজের লোকের অভিনয় করে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কাজের অভিনয় করে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী ওই নারীর নাম আফরোজা বেগম। তিনি সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, সকালে বাড়িতে ছিলাম। এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে আমার বাড়িতে প্রবেশ করে। প্রথমে আমি রাজি হইনি। অনুনয় বিনিয় করেন। তাই তাকে ডাব পাড়তে দেই। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগিয়ে দেয় । তাকে খাবার খেতে দেই। পারিশ্রমিক হিসেবে তাকে ৫০ টাকা দেওয়ার সময় সে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এরপর আমার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে ।
(টিবি/এএস/এপ্রিল ০৬, ২০২৬)
