নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বশত্রুতার জেরে লিটন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার হামছাদী এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার স্থানীয় সাকিব ও তার সহযোগীদের সঙ্গে লিটনের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এর জেরে রবিবার রাতে লিটন রতনপুর এলাকা দিয়ে যাওয়ার সময় সাকিবের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এনকেএস/এএস/এপ্রিল ০৬, ২০২৬)