গোপালগঞ্জে খাল দখলমুক্ত করলো প্রশাসন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খালের ৫শ’ মিটার এলাকা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি)মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি ৫শ’ মিটার এলাকা খলমুক্ত করেন।
সম্প্রতি ওই এলাকার ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ,সামচুল শেখ সহ কয়েক জন প্রভাবশালী বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে নেয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন। তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবণ ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবি জানিয়েছেন।
এদিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
কুশলা ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, এ খালটির বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে। আমি এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবি জানাচ্ছি। এতে এলাকার চাষাবাদ, সেচ কাজ সহজ হবে। পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি প্রবাহমান খাল।কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন আজ খালটি দখলমুক্ত করলাম। উপজেলা ব্যাপী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
(টিবি/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)
