রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল ভরে পরবর্তীতে ট্যাংক থেকে বোতলে মজুদ করার অপরাধে হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামে দুই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ এপ্রিল রাতে শহরের লম্বাগাছ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন তাদেরকে এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত যুবকেরা ওই এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডিত ওই দুই যুবক ফিলিং স্টেশন থেকে পেট্রোল কিনে পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল নামিয়ে বোতলজাত করেন। এটি পেট্রোলিয়াম আইন, ২০১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের দায়ে ওই দুই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় কালোবাজারি ও অবৈধ মজুদদারদের অপতৎপরতার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং এ অভিযান চলবে।

(আরআর/এএস/এপ্রিল ০৭, ২০২৬)