চাটমোহর প্রতিনিধি : বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার মাত্র তিন ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এবং পৌর সদরের ছোটশালিখা মহল্লায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা হেলালুর রহমান জানায়, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে গোলাপ হোসেন প্রামাণিক (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার (৫ এপ্রিল) রাতে মারা যান।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বড় ভাইয়ের দাফন শেষে চাটমোহর পৌর সদরের ছোটশালিখার বাসায় ফেরেন ছোট ভাই মোজাম্মেল হক (৭২)। বড় ভাইয়ের দাফন শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

বাদ এশা তার দাফন সম্পন্ন হয়। একই দিন দুই ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(এসএইচ/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)