ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান, গ্রেপ্তার ১৫
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার অভিযোগে ১৫ জন দালালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং পরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। রোগীদের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ এই বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছেন যারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্যমতে গ্রেপ্তারকৃতরা হলেন— মনি, রেহানা, রুমা, হেলেনা, মামুন, রাকিব, ইব্রাহিম, লিটন শেখ, রিপন শেখ, খোদেজা, রাশেদা, সৈয়দ ফেরদৌস আহমেদ রনি, মিন্টু, মাসুদ হাসান ও কাউসার হোসেন। তারা ফরিদপুর ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বর্তমানে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের ধরার জন্য তদন্ত চলছে। হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই পদক্ষেপের ফলে হাসপাতালে আসা সাধারণ রোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, নিয়মিত এমন তদারকি থাকলে সাধারণ মানুষ দালালের হাত থেকে রক্ষা পাবে।
(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)
