স্টাফ রিপোর্টার : সরকারি অর্থায়নে এখনো দেশের ৪ হাজার ৫৯টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন।

বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ১১তম দিনের এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪,৫৯টি।

তিনি আরও জানান, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রতি সংসদীয় আসনে ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রতি সংসদীয় আসনে ১টি স্কুল, ১টি কলেজ এবং ১টি বেসরকারি মাদ্রাসা বা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট উপজেলায় একসঙ্গে একাধিক ভবন নির্মাণের সিদ্ধান্ত বর্তমানে নেই।

বুধবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)