স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) ও রুপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় চার হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৮৩ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে চার হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে তিন হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৬ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়।

দেশের বাজারে ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)