বিসিবির বর্তমান পরিস্থিতিকে ‘সার্কাস’ বললেন আফতাব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অবস্থাকে ‘সার্কাস’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক মারকুটে ব্যাটার আফতাব আহমেদ।
আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি করার পর থেকেই দেশের ক্রিকেটে যে নাটকীয়তা চলছে, তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আফতাব আহমেদ বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিসিবিতে যে পরিমাণ সার্কাস চলছে, আপনি যদি ২ হাজার টাকা দিয়েও টিকিট কেনেন, তবে আপনার সেই টাকা বৃথা যাবে না।
এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’
তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা আফতাব সেখানের ক্রিকেট কাঠামোর সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে আক্ষেপ প্রকাশ করেন।
তিনি জানান, সেখানে প্রতিনিয়ত ক্রিকেটের সাথে যুক্ত থাকলেও বোর্ড বা বোর্ডের কর্তাদের নিয়ে কোনো মাতামাতি নেই। তিনি বলেন, ‘আমি জানিই না আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায়, মেম্বার কারা। কিন্তু বাংলাদেশে অবস্থা উল্টো।’
বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে পরিমাণ আলোচনা ও প্রচারণা চলে, তার সমালোচনা করে আফতাব বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নেই। কারণ আপনি কিছু না জানলেও মিডিয়া আপনাকে ঢোল পিটিয়ে সব জানিয়ে দেবে। এই সার্কাস আর কতদিন চলবে জানি না।’
ক্রিকেটের মান উন্নয়নের চেয়ে মাঠের বাইরের আলোচনা নিয়ে এই সাবেক ক্রিকেটার গভীর হতাশা প্রকাশ করেন।
(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)
