স্টাফ রিপোর্টার : শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায় কার্যকরের জন্য পলাতক ফয়সাল করিমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এসময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় আদাবর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। তবে তিনি এ মামলায় জামিনে ছিলেন। এছাড়া শরিফ ওসমান হাদি হত্যার পর থেকে তিনি পলাতক।

র‍্যাব জানায়, ফয়সাল করিমের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। ওই সময় তার কাছ থেকে জব্দ করা অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।

৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০২৬)