বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গাবতলী মডেল থানাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নজরুল ইসলাম নজু (৪৫) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তার ছেলে মোঃ শিপন মিয়া (২০) (পেশায় রাজমিস্ত্রি) বাড়িতে এসে দরজা খুলতে ডাকাডাকি করেন। দরজা খুলতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিপন মিয়া মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একমাত্র পলাতক আসামি শিপনকে একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে গাবতলী থানা পুলিশ মালিয়ান ডাঙ্গা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন বলেন, মৃতের লাশ পোস্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(বিএস/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)