স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ বালক দল জিতেছে ব্রোঞ্জ পদক।

এই অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে আগামী ২১ থেকে ২৭ জুন ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য ‘আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর টিকিটও নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের শিমলাতে ৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিন দলই সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে সেট ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ও স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলেও পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল।
নাফিজ ইকবাল ৩-০ ব্যবধানে এবং জয় ইসলাম ৩-০ গেমে জয় তুলে নেন।

শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জয় পেয়ে দলের স্বর্ণ নিশ্চিত করেন। বিশেষ করে ৩য় খেলোয়াড় হিসেবে নেমে নাফিজ ইকবাল দুটি খেলাতেই ৩-০ ব্যবধানে জিতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই সাফল্য এসেছে বেশ কিছু প্রতিকূলতা পেরিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতা এবং ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে মানিয়ে নিতে শুরুতে কষ্ট হলেও দ্রুতই নিজেদের গুছিয়ে নেন খেলোয়াড়রা। তবে পর্যাপ্ত তহবিলের অভাবে দলকে দিল্লি থেকে প্রায় ১০ ঘণ্টার ক্লান্তিকর বাস ভ্রমণ শেষে টুর্নামেন্টের ঠিক আগের দিন শিমলায় পৌঁছাতে হয়।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট সন্তোষ প্রকাশ করে বলেন, 'এ সাফল্য দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।' তবে তিনি আক্ষেপ করে জানান, আগে পৌঁছানোর সুযোগ পেলে ফলাফল হয়তো আরও ভালো হতে পারত।

ভিসা জটিলতায় এক সদস্যকে ছাড়াই খেলতে নামা অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। ফলে ব্রোঞ্জ পদক নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৫ বালিকা দল নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি; সবগুলো ম্যাচেই পরাজিত হয়েছে তারা।

গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ নিয়ে সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে দলটি। আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৬)