বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির বাদশার জয়
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়া- ৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এই উপনির্বাচনে পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন পেয়েছেন ৫২৬ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ দশমিক ৫৭ শতাংশ।নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র। অপরদিকে আবিদুর রহমান বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা- ১৭ ও বগুড়া- ৬ আসনে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
জয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে জানান, তিনি জিয়া পরিবারসহ বগুড়াবাসীর প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, ভোটাররা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। বগুড়া সিটি কর্পোরেশন, বিমানবন্দর, রাস্তাঘাটসহ এলাকার উন্নয়ন বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরবো।
তিনি আরও উল্লেখ করেন, এই আসনে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচন করে জয়লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ভোটাররা তাকে নির্বাচিত করেছেন।
(বিএস/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
