দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি সাদ্দাম শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম শেখ এই চাঞ্চল্যকর মামলার এক নম্বর আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে তার পূর্বপরিচিত এক নারীকে বেড়ানোর কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নেন। ওই নারী সেখানে পৌঁছালে সাদ্দাম ও তার সহযোগীরা তাকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে ব্যাপক মারধর করা হয় এবং ইচ্ছার বিরুদ্ধে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে ভিকটিমের কাছে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ১ এপ্রিল ভাঙ্গা থানায় একটি মামলা (মামলা নং-৮৮) দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাইলে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে।

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)