বাজার মূলধন কমলো আরও ৭৩৭ কোটি টাকা
স্টাফ রিপোর্টার : দরপতনের মধ্য দিয়ে আরও এক সপ্তাহ পর করেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। তবে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে বেড়েছে মূল্যসূচক। এরপরও সপ্তাহের ব্যবধানে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার প্রায় দ্বিগুণের। তবে বড় মূলধনের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের ব্যবধানে মূল্যসূচক বেড়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২২০টির। এছাড়া ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা।
বাজার মূলধন কমলেও গত সপ্তাহে বেড়েছে মূল্যসূচক। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট বা ২ দশমিক ৭৭ শতাংশ।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২১ দশমিক ৮৫ পয়েন্ট বা এক দশমিক ১০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে কমে ৮৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ শতাংশ।
এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৯ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৮৪ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি সামান্য বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৬৮ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে এক কোটি ৩১ লাখ টাকা বা শূন্য দশমিক ২০ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ২ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২০ কোটি টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, টেকনো ড্রাগস, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং জিকিউ বলপেন।
(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৬)
