নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌর শহরের সিংঙ্গা গ্রামের অটোভ্যান চালক আবু বক্কর সিদ্দিকের একমাত্র ছেলে মোঃ আবু হুরাইরা (২১) এখন মৃত্যু পথযাত্রী। বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর জীবন প্রদীপ নিভে যেতে বসেছে।
২০২৪ সালে মরণঘাতী এই রোগ ধরা পড়ার পর থেকে ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন বাবা আবু বক্কর সিদ্দিক। পেশায় অটোভ্যান চালক হয়েও তিনি দিন-রাত পরিশ্রম করে এবং নিজের শেষ সম্বল জমি-জমা বিক্রি করে দীর্ঘ দুই বছর ছেলের চিকিৎসা চালিয়েছেন।
বর্তমানে সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় টাকার অভাবে বন্ধ হতে চলেছে হুরাইরার চিকিৎসা। পরিবারের হাল ধরে দারিদ্র্য দূর করার স্বপ্ন দেখা এই তরুণের জীবন বাঁচাতে তার বাবা সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
বর্তমানে দিশেহারা এই পরিবারটি সকলের একটু সহানুভূতি ও আর্থিক সহযোগিতা কামনা করছে। অসুস্থ হুরাইরার সাথে যোগাযোগ বা সাহায্য পাঠাতে সরাসরি এই নাম্বারে ০১৯৪০০৩০৮০১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটি সম্ভাবনাময় প্রাণ।
(আরএম/এসপি/এপ্রিল ১১, ২০২৬)
