ফরিদপুরে বান্ধব পল্লীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের আলিপুর এলাকায় অবস্থিত বান্ধব পল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে আধুনিক আবাসন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি সাততলা আবাসিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আবাসন সংকট নিরসন ও তাদের উন্নত জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই প্রকল্পের মাধ্যমে বান্ধব পল্লীর বাসিন্দারা আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের সুযোগ পাবেন।" একই ধরনের আবাসন প্রকল্প সারা দেশে চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে প্রতিটি ফ্ল্যাটের আয়তন ধরা হয়েছে প্রায় ৭৫০ বর্গফুট। একটি পরিবারের স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী করে ভবন দুটি নকশা করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা হলেও এর চুক্তিমূল্য ধরা হয়েছে ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর এবং স্থানীয় হরিজন সমাজের প্রতিনিধি শ্যামল জমাদার ও আলো রানী দাস প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বান্ধব পল্লীর বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবাসন সংকটের স্থায়ী সমাধান হবে এবং স্থানীয় জনপদ একটি আধুনিক রূপ পাবে।
(ডিসি/এসপি/এপ্রিল ১১, ২০২৬)
