নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলী গ্রামে জমির পরিমাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মতিয়ার রহমান তালুকদার তার পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে ভাঙ্গা দেওয়ানী আদালতে চলতি বছরের ১ এপ্রিল একটি ইনজাংশন জারি করান (মোকদ্দমা নং-৮২৬/২৬)। আদালত থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও অভিযোগ রয়েছে, বিবাদীরা সেই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন।

মামলার নথি অনুযায়ী, মতিয়ার রহমান তালুকদার ২০২০ সালে ভাঙ্গা চৌকিতে দায়ের করা একটি দেওয়ানী মামলায় (নং-৩২৯/২০২০) আরএস ৮৯৫, ৮৯১ ও ৮৯২ দাগভুক্ত মোট ১৬১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমির মালিকানা দাবি করেন। সংশ্লিষ্ট জমি নিয়ে এসএ ও আরএস/বিএস রেকর্ডের মধ্যে গরমিল থাকায় বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, বিবাদীরা জালিয়াতির মাধ্যমে প্রকৃত মালিকানার চেয়ে বেশি জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এবং বর্তমানে সেই জমিতে স্থাপনা নির্মাণ করছে। এ কারণে তিনি এলাকায় যেতে পারছেন না এবং প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেন।

মতিয়ার রহমান তালুকদার বলেন, “আমার পৈত্রিক ভিটেমাটি রক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে বিবাদীরা দখল ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।”

অন্যদিকে, অভিযুক্ত হাবিবুর রহমান ও মহসীন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোনো আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাননি এবং বর্তমানে কোনো নির্মাণ কাজও করছেন না।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

(পিবি/এএস/এপ্রিল ১২, ২০২৬)