দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলায় হামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়। রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে ই-মেইলের মাধ্যমে পাঠানো প্রতিবেদনে জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) জেলায় হামের সন্দেহভাজন নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে কয়েকজন রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য মিলেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৫ জন শনাক্ত হয়েছে ফরিদপুর সদর উপজেলায়।

এছাড়া বোয়ালমারীতে ১০ জন, সালথায় ৫ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন, আলফাডাঙ্গায় ৩ জন, নগরকান্দায় ২ জন এবং চরভদ্রাসনে ২ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য উপজেলায় এ সময়ে নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একাধিক রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি, পূর্বে ভর্তি রোগী এবং ছাড়পত্রপ্রাপ্তদের সংখ্যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

(ডিসি/এএস/এপ্রিল ১২, ২০২৬)