গোপালগঞ্জে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রবিবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস বিফ্রিংকালে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সুপার জানান, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) এর বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। পরে চিরুনী অভিযান চালিয়ে ১০ হাজার ২০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
প্রেসবিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন, মুকসুদপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নাফিছুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদক সহ মোট ৫টি মামলা রয়েছে।
(টিবি/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
