সাফ অনূর্ধ্ব- ২০ জয়ী গোলরক্ষক রাফিজকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনা
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার গর্ব, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাকে এই সম্মাননা প্রদান করেন।
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী বাংলাদেশ দলের অতন্দ্র প্রহরী ছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান রাফিজ। তার অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতায় বাংলাদেশ এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি রাফিজকে আরও নিবিড় অনুশীলনে উৎসাহিত করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
(এমকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
