সাতক্ষীরায় চেয়ারম্যানের গোডাউন থেকে ১২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল এর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার জ্বালানী তেল উদ্ধার করেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। আজ রবিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে রাখা মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। জনস্বার্থে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
(আরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
