তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বর্নাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ বরণের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ” গান পরিবেশন করে বর্ষবরণের সাংস্কৃতিক পর্বের সূচনা করা হয়। 

এতে জেলা শিল্পকলা একাডেমি সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করে সংগীত ও নৃত্য। বাঙ্গালী সাংস্কৃতির আবহ সেখানে তুলে ধরা হয়।

এছাড়া শিশু একাডেমি আয়োজিত চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সকাল পৌনে ৯ টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ।

এছাড়াও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম কর্মি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পৌর পার্কে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন।

এছাড়াও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

(টিবি/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)