সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সোনাতলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ (১৪৩৩ বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় বাঙালির প্রাণের এই উৎসব। পহেলা বৈশাখের সকাল শুরু হয় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য পান্তা-ভাত খাওয়ার মধ্য দিয়ে। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, ছেলে শিশুরা লুঙ্গি-ফতুয়া পরে ঝাঁপি হাতে এবং মেয়ে শিশুরা গ্রাম্যবধূর সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়। এতে পালকি ও ঘোড়ার গাড়ির উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে।
দিনব্যাপী আয়োজনে ছিল লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি। বিশেষভাবে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক এর কণ্ঠে পরিবেশিত সংগীত। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নিজ নিজ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রায় নানা শৈল্পিক কারুকাজ ও ঐতিহ্যবাহী উপস্থাপনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকলে সোনাতলায় বৈশাখ উদযাপন আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা, সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন সহ বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)
