মুন্সীগঞ্জে নববর্ষ উদযাপিত
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : "নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদতসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বর্ণিল ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়গণ। স্টল পরিদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা সংগীত নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন এবং উপস্থিত অতিথিবৃন্দ তা উপভোগ করেন। পরিশেষে, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
(এমকে/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
