আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভূয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে আজ বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে আটক করে হাইওয়ে পুলিশের সদস্যরা। আটককৃত সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বভর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এস আই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারনে একটি মামলা দেই। এসময় সে (সাত্তার) নিজেকে এসবি’র লোক বলে দাবী করেন। এসময় তার কাছে বিপি নম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভূয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে আটক যুবক সাত্তার হোসেন বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পূনরায় আমাকে থামানো হয়। এসময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেয়নি। এরপরও আমাকে আটক করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)