রূপক মুখার্জি, নড়াইল : পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে প্রতিযোগিতার প্রয়াত সংগঠক বিশ্বাস তরিকুল আলম প্রিন্সের স্মরণে উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় উপভোগ করতে নড়াইল জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান।

প্রতিযোগিতায় মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড়, ঘোড়সওয়ারদের কৌশল এবং প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকাকে উৎসবের জনপদে পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত করে। ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।’

দৌড় শুরুর আগেই মাঠজুড়ে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা চলাকালে ঘোড়ার দ্রুতগতির সঙ্গে দর্শকদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঘোড়দৌড় দেখতে আসা মনির হোসেন বলেন, এমন আয়োজন হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

ঢাকা থেকে আসা রিয়াজুল ইসলাম জানান, শহুরে জীবনে এ ধরনের গ্রামীণ ঐতিহ্য দেখার সুযোগ কম পাওয়া যায়, কালিয়া এসে এই আয়োজন দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্য আসজাদুর রহমান মিঠু বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম, নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিউর রহমান, খাশিয়াল ইউনিয়ন চেয়ারম্যান বরকত উল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ প্রমূখ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)